বাজারে বেড়েছে ভোজ্যতেলের দাম। যার ফলে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। এজন্য নিম্মবিত্ত অনেকেই তেল খাওয়া কমিয়ে দিয়েছেন। আবার অনেকেই স্বাস্থ্যজনিত কারণে খেতে চান না তেল। তেল ছাড়া কি খাবার রান্না করা যায়? এসব প্রশ্ন নিয়ে বিপাকে অনেকেই।
তবে তেল ছাড়া যারা খাবার খেতে চান তাদের জন্য রয়েছে সুখবর। চাইলে তেল ছাড়াও বিভিন্ন ধরনের খাবার রান্না করতে পারবেন আপনি। এ বিষয়ে বেশ কয়েকজন রাঁধুনীর সঙ্গে কথা হয়। তাদের মতে, তেল ছাড়াও বিভিন্ন মাছ, মাংস, সবজি, ভর্তা, বেগুন ভাজা, ডালসহ বিভিন্ন খাবার রান্না করা যায়। জেনে নিন তেল ছাড়া যেসব খাবার রান্না করা যায়, তার মধ্যে কিছু খাবারের রেসিপি।
গবেষকরা পরীক্ষা করে দেখেছেন, খাদ্যগুণ ও স্বাদ নির্ভর করে তেলে নয়, মসলায়। তেল আলাদা কোনো স্বাদ যুক্ত করে না। মসলা কষাতে তেলের পরিবর্তে পানি ব্যবহার করুন। সকালের নাশতায় রাখতে পারেন রুটি, তেল ছাড়া স্ন্যাকস, স্যুপ বা সবজি। দুপুরে তেল ছাড়া মাছ, মাংস, ডাল ও সবজি। সঙ্গে সালাদ। একইভাবে রাতের খাবারও। শুধু তেলের পরিবর্তে পানি ব্যবহার করুন। রইলো তেল ছাড়া রান্নার দুটি রেসিপি-
তেল ছাড়া মিক্সড সবজি-
উপকরণ: ফুলকপি ১টা, আলু আধা কেজি, ব্রুকলি ১টা, গাজর ১০০ গ্রাম, মটরশুঁটি ৫০ গ্রাম, বাঁধাকপি অর্ধেক, কাঁচামরিচ ৫টা, লবণ ২ চা চামচ, ধনেপাতা ১ মুঠি, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, মধু ১ চা চামচ।
প্রণালি: কপি, আলু, গাজর ও অন্যান্য সবজি পাতলা করে কেটে ধুয়ে নিন। এবার ২ কাপ পানি দিয়ে সবজিগুলো সেদ্ধ করে নিন। ২০ মিনিট পর সেদ্ধ হয়ে গেলে লবণ ও ধনেপাতা দিন। কর্নফ্লাওয়ার ঠাণ্ডা পানিতে গুলে ২ মিনিট রান্না করে নামিয়ে ফেলুন।
তেল ছাড়া মাছ ও বেগুন-
উপকরণ: মাছ ২ টুকরা (যেকোনো), বেগুন ১টি, রসুন কুচি আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া সিকি চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ ফালি ২টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ।
প্রণালী: একটি কড়াইতে আধা কাপ পানি দিন। তার সঙ্গে কাঁচামরিচ ও ধনেপাতা বাদে সব মসলা দিয়ে ২-৩ মিনিট রান্না করুন। এরপর মাছ ও বেগুন একসঙ্গে দিন। পরে ভালো করে নেড়ে চুলার আগুন কমিয়ে ঢেকে রান্না করুন। ঝোল শুকিয়ে গেলে চুলা বন্ধ করে কাঁচামরিচ ও ধনেপাতা দিয়ে ঢেকে রাখুন। একই নিয়মে মাংসও রান্না করা যাবে পছন্দমতো সবজি দিয়ে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম