দেশে প্রথম ভার্চুয়াল রিয়েলিটি সম্মেলন
DhakaReport24.com || 2019-12-04 11:46:00
দেশে প্রথমবারের মতো ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘ভিআর কন’ নামে এ সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ ইনোভেশন ফোরাম।
আগামী ৬ এবং ৭ ডিসেম্বর ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এ এই সম্মেলন অনুষ্ঠিত হবে।
দেশের তরুণদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানায় ‘ভিআর কন’ সম্মেলনকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে।
দু’দিনের এ সম্মেলনে অগমেন্টেড রিয়েলিটি (এআর), ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ও গেমিং নিয়ে প্রায় ১০টি কারিগরি সেমিনার, তিনটি কর্মশালা থাকবে; যা পরিচালনা করবেন বিশ্বখ্যাত প্রোগ্রামিং প্রতিষ্ঠান ইউনিটিসহ দেশের এক্সপার্টরা। ৩০ জনের অধিক বক্তা এবারের সম্মেলনে কথা বলবেন।
শিক্ষার্থী এবং তরুণদের উৎসাহিত করতে এআর, ভিআর ও গেমিং নিয়ে একটি প্রতিযোগিতাও থাকবে। থাকবে দেশে এআর, ভিআর, গেমিং নিয়ে কাজ করা বেশকিছু প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্টের প্রদর্শনী।
আয়োজনের আহ্বায়ক মো. শাহাদাত হোসেন বলেন, ভার্চুয়াল রিয়েলিটি হল সেই প্রযুক্তি, যা ত্রিমাত্রিক বিশ্ব এবং যার দৃশ্যমানতা বাহক জীবন্ত। প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী জোগাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
তিনি বলেন, ভবিষ্যতে যখন ভার্চুয়াল রিয়েলিটি অনেক সহজলভ্য হয়ে যাবে, তখন তা বিনোদন থেকে শুরু করে যোগাযোগ পর্যন্ত প্রায় সব ক্ষেত্রেই ব্যবহৃত হবে। বিভিন্ন পেশা ও গবেষণায় ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগের ফলে সমাজে এর ব্যাপক প্রভাব পড়বে। বাংলাদেশে আমরা চাই এ ধরনের আয়োজন থেকে মানুষজন ভিআর সম্পর্কে অবগত হবেন।
প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য ভিআর কন সম্মেলনে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে প্রযুক্তিবিষয়ক পোর্টাল টেকশহর।
‘ভিআর কন’ সম্মেলনের সহযোগী হিসেবে থাকছে তথ্যপ্রযুক্তি বিভাগের মোবাইল গেম ও অ্যাপ্লিকেশনের দক্ষতা উন্নয়ন প্রকল্প।