করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত হয়েছে ৩৩ জনের দেহে।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৩৩ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ৪২ শতাংশ। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৮ হাজার ১৪৯ জনে।
এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৮৮ জনে।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৫ হাজার ২২৭ জন।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। সেদিন তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্তের কথা জানানো হয়।
এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান করোনায় আক্রান্ত হয়ে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম