শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে আরও ২০


DhakaReport24.com || 2024-01-31 20:16:45
ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে আরও ২০

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে গত এক দিনে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। এতে চলতি বছরে মৃতের সংখ্যা ১৪ জনে স্থির রয়েছে। এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে নতুন করে আরও ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের প্রথম ৩১ দিনে এডিস মশাবাহিত রোগটিতে মারা গেছেন ১৪ জন। দেশে ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত এক হাজার ৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৫৮ জন ও ঢাকার বাইরে ৬৯৭ জন ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় যারা হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের মধ্যে ৯ জন ঢাকা মহানগরে এবং বাকিরা ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২৬ জন।

দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১১৩ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ৪২ জন ঢাকায় এবং ৭১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। তবে ২০২৩ সালে জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হতে থাকে। যা ডিসেম্বর পর্যন্ত অব্যাহত ছিল। ২০২৩ সালে সারাদেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় এক লাখ ১০ হাজার আটজন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ ১১ হাজার ১৭১ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন লাখ ১৮ হাজার ৭৪৯ জন। এ যাবৎকালে সর্বোচ্চ এক হাজার ৭০৫ জন মানুষ মশাবাহিত রোগটিতে মারা গেছেন।

এর আগে, ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২২ সালে ডেঙ্গু নিয়ে মোট ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৮১ জন মারা গেছেন। 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম