ফাইজার- বায়োএনটেকের টিকা ভারতীয় ধরণের বিরুদ্ধে কার্যকর
DhakaReport24.com || 2021-05-21 08:02:45
ফাইজার- বায়োএনটেকের টিকা করোনাভাইরাসের ভারতীয় ধরণের বিরুদ্ধে কাজ করবে বলে জানিয়েছে বায়োএনটেক। প্রতিষ্ঠানটি বলছে তাদের উৎপাদিত টিকা এর আগে করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ধরনের বিরুদ্ধে কার্যকর বলে প্রমাণিত হয়েছে। খবর রয়টার্স।
বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, টিকাপ্রাপ্ত ব্যক্তিদের রক্ত বিশ্লেষণ করে গবেষণায় ইতিবাচক ফল পাওয়া গেছে বলে জানিয়েছেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা উগুর সাহিন। যেখানে দেখা গেছে, টিকা দেয়ার পর শরীরে তৈরী হওয়া এন্টিবডিগুলো করোনার ভারতীয় ধরণকে প্রতিরোধ করতে সক্ষম।
করোনার ধরনটি নিয়ে রক্ত পরীক্ষা করার সময় দেখা যায় প্রথমবার দক্ষিণ আফ্রিকান ধরনটির মতো এটিরও একই ফলাফল আসছে। দক্ষিণ আফ্রিকার ধরনের বিরুদ্ধে ভ্যাকসিনের ৭৫ শতাংশ কার্যকারিতার বাস্তব তথ্যউপাত্ত তাকে সাহিন) এটা বিশ্বাস করতে উদ্বুদ্ধ করেছে যে, ভারতীয় ধরনের বিরুদ্ধে এর কার্যকারিতা প্রায় একই রকম হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে তুরস্কের এক টেলিভিশনকে দেয়া বক্তব্যে সাহিন বলেন, এখন পর্যন্ত আমাদের ভ্যাকসিনটি ভাইরাসের ৩০টিরও বেশি ধরনের ওপর পরীক্ষা করার সুযোগ পেয়েছি।
উদ্বেগজনক এই ভারতীয় ধরনটি বি.১.৬১৭.২ হিসেবে পরিচিত। এটি শনাক্ত হওয়ার পর থেকে দেশটিকে বিধ্বস্ত করে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, সংস্থাটির ই্উরোপীয় অঞ্চলের ৫৩টি সদস্যদেশের মধ্যে ২৬টিতে ভাইরাসটি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে।