চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে রাবেয়া বেগম (৪৫) নামের এক রোগীর মৃত্যু হযেছে। শনিবার রাত ১১ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রাবেয়া বেগম চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকুন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার ফারুক হোসেনের স্ত্রী। রাবেয়া বেগমের মৃত্যুর পর বিভিন্ন সমস্যা দেখিয়ে মহিলা মেডিসিন ওয়ার্ড থেকে ছাড়পত্র দেখানো হয়েছে। তবে, তিনি ডায়রিয়া ওয়ার্ডে থেকে চিকিৎসা নিচ্ছিলেন এবং সেখানেই মারা গেছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
https://www.dhakareport24.com/front/singel/11/32098
রাবেয়া বেগমের ছেলে কানন বলেন, শনিবার সকাল থেকে আমার মায়ের পাতলা পায়খানা ও বমি হলে দুপুরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. লিয়ন বলেন, রাবেয়া বেগমের ডায়রিয়া ছাড়াও বিভিন্ন শারীরিক সমস্যা থাকার কারনে রাতে তাকে মহিলা মেডিসিন ওয়ার্ডে রেফার করা হয়। রাত ১১ টার দিকে মারা যান তিনি।
এদিকে, রাবেয়া বেগমের ছেলে কানন আরও বলেন, আমার মাকে মহিলা মেডিসিন ওয়ার্ডে রেফার করার বিষয়টি চিকিৎসক বা অন্য কেউ আমাদের কিছুই বলেননি। আমরা তাকে ডায়রিয়া ওয়ার্ডে নিয়ে ভর্তি করি এবং সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত ১১ টার দিকে মারা যান।
অপরদিকে, শনিবার রাতে সরেজমিনে ডায়রিয়া ওয়ার্ডে খোঁজ নিয়ে জানা গেছে, রাবেয়া বেগম ডায়রিয়া ওয়ার্ডেই চিকিৎসাধিন ছিলেন এবং সেখানেই তিনি মারা যান। ডায়রিয়া ওয়ার্ডে কর্তব্যরত নার্স ও অন্যান্য রোগী ও তাদের স্বজনেরা বিষয়টি শিকার করেছে।
সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান, সদর হাসপাতালের তত্ত্বাবাধায়ক ডা. আতাউর রহমান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ আকরামের ব্যাক্তিগত মোবাইল ফোনে কল করা হলেও কেউই ফোন রিসিভ করেনি।