কেন স্কুলের হটস্পট হওয়ার আশঙ্কা কম?
DhakaReport24.com || 2020-11-03 22:10:00
বিশ্বব্যাপী পরিসংখ্যানগুলো বলছে, স্কুলগুলো করোনাভাইরাস সংক্রমণের হটস্পট হওয়ার আশঙ্কা কম। ভয় থাকা সত্ত্বেও যখন স্কুল এবং ডে সেন্টারগুলো লকডাউন শিথিল হওয়ার পর পুনরায় খুলেছিল কভিড সংক্রমণ তখন বাড়েনি। সর্বোচ্চ যা হয়েছিল তা ছিল স্বল্পসংখ্যক মানুষের অসুস্থ হয়ে পড়া।
গবেষণা অবশ্য বলছে, শিশুরা ভাইরাসে আক্রান্ত হতে পারে এবং অল্পবয়সী শিশুদের তুলনায় অধিক বয়সী শিশুরা এটিকে অন্যদের মধ্যে স্থানান্তরও করতে পারে। বিজ্ঞানীরা বলছেন, এ ধরনের ঘটনা কেন ঘটছে সে বিষয়ে তারা নিশ্চিত নন।
এপিডেমিওলজিস্ট ওয়াল্টার হাস বলেন, স্কুল ও চাইল্ডকেয়ার সেন্টারগুলো করোনাভাইরাস স্থানান্তর করার জন্য আদর্শ পরিবেশ সরবরাহ করে। এর কারণ হচ্ছে বদ্ধ জায়গায় দীর্ঘ সময়ের জন্য বড় একটি দল জড়ো হয়। কিন্তু তার পরও কভিড-১৯ সংক্রমণ বয়স্কদের তুলনায় শিশুদের মধ্যে অনেক কম।
প্রমাণ
আগে সংগৃহীত পরিসংখ্যানগুলো দেখায় যে কমিউনিটি ট্রান্সমিশন নিম্ন হলে স্কুলগুলো নিরাপদে খোলা যাবে। কিন্তু যেসব জায়গায় কমিউনিটি সংক্রমণ বাড়ন্ত, সেখানকার স্কুলগুলোতে প্রাদুর্ভাব বেশ কম। যুক্তরাষ্ট্রে সেপ্টেম্বরে সংক্রমণ বাড়তে থাকার পরও ৬৫ হাজারের বেশি স্কুল পুনরায় খুলে দেয়া হয়। কিন্তু মাত্র ১ হাজার ২১২টি ক্যাম্পাস চার সপ্তাহ পর প্রাদুর্ভাবের অভিজ্ঞতা লাভ করেছে। ৯৩ শতাংশ ক্ষেত্রে কেবল একটি সংক্রমণের কথা বলা হয়েছে এবং কেবল একটি হাইস্কুলে ১০ জনের বেশি সংক্রমিত মানুষের ক্লাস্টার দেখা গেছে।
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে, যেখানে জুলাইয়ে কভিড-১৯-এর দ্বিতীয় ঝড় দেখা গেছে, সেখানেও স্কুল ও চাইল্ডকেয়ার সেন্টারগুলোর সঙ্গে বড় সংক্রমণের সংযুক্তি ছিল দুর্লভ। যদিও সেখানে স্কুলগুলো আংশিকভাবে খোলা হয়েছিল। স্কুলগুলোতে ১ হাজার ৬৩৫টি কভিড-১৯ সংক্রমণের দুই-তৃতীয়াংশ কেবল একটি কেসে সীমাবদ্ধ ছিল।
শিশুরোগ বিশেষজ্ঞ আশলেশা কৌশিক বলেন, যুক্তরাষ্ট্রে কমিউনিটি ট্রান্সমিশন অনেক জায়গায় উচ্চস্তরে ছিল, যখন আগস্টে স্কুলগুলো পুনরায় খুলে দেয়া হয় এবং শিশুদের মধ্যে সংক্রমণের অনুপাতও বাড়ছিল। কিন্তু এখানে স্পষ্ট নয় যে কী পরিমাণ সংক্রমণ স্কুলে উত্পন্ন হয়েছে, যা কিনা কমিউনিটি ট্রান্সমিশনের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। কারণ অন্য বিষয়গুলোও যেমন ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা গণজমায়েতগুলোও এখানে ভূমিকা রেখেছে। তাছাড়া টেস্টের পরিধি বাড়ার কারণেও সম্ভবত অধিকসংখ্যক সংক্রমণ সামনে এসেছিল।
ইংল্যান্ডের স্কুলে সংক্রমণের পরিসংখ্যানও দেখিয়েছে যে বয়স্করাই প্রায়ই আগে সংক্রমিত হয়েছে। জুনে ৩০টি নিশ্চিত স্কুল প্রাদুর্ভাবের বেশির ভাগই সংঘটিত হয়েছে স্টাফদের মধ্যে। মাত্র দুটি ক্ষেত্রে সরাসরি ছাত্র থেকে ছাত্রে সংক্রমণ দেখা গেছে।
ছোট শিশুরা সংক্রমণ ছড়ায় কম
গবেষকদের মতে, স্কুলগুলো কভিড-১৯-এর হটস্পট না হওয়ার একটি কারণ হতে পারে শিশুরা। বিশেষত ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুরা বয়স্কদের চেয়ে কম সংবেদনশীল। আর ছোট শিশুরা (যেখানে শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুও অন্তর্ভুক্ত) একবার সংক্রমিত হলেও খুব কম সম্ভাবনা থাকে যে তারা সেটি অন্যদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, বলেছেন হাস। এই এপিডেমিওলজিস্টের দল দেখেছে যে ৬-১০ বছর বয়সীদের মধ্যে সংক্রমণ খুবই অস্বাভাবিক ঘটনা। বিশেষত অধিক বয়স্ক শিশু এবং স্কুলের অন্যান্য বয়স্ক মানুষের তুলনায়। তার মতে, বয়সের সঙ্গে সংক্রমণের আশঙ্কাও বৃদ্ধি পায়।
এছাড়া অন্য অনেক পরিসংখ্যানও দেখিয়েছে যে ৫-১১ বছর বয়সী শিশুদের তুলনায় ১২-১৭ বছর বয়সী শিশুদের সংক্রমণের আশঙ্কা অনেক বেশি এবং তা বয়স বাড়ার সঙ্গে ক্রমেই বাড়তে থাকে।
নেচার জার্নাল থেকে সংক্ষেপে অনূদিত