দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৯৯ জন। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১২৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ৪৯১ এবং ঢাকার বাইরে ৪০৮ জন ভর্তি হয়েছেন। বর্তমানে সারা দেশে ৩ হাজার ৪৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ২ হাজার ২৫০ এবং ঢাকার বাইরের হাসপাতালে এক হাজার ২৩০ জন ভর্তি আছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৩৪ হাজার ৮২২। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৪ হাজার ৯৩ এবং ঢাকার বাইরে ১০ হাজার ৭২৯ জন। ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ৩১ হাজার ২১৯ জন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়েছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম