চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ সকালে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের টিকাদান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ মামুনুর রশীদ।
এই সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযূষ কুমার চৌধুরী,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামলী দাশ,উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, এসময় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম. নওশেদ রিয়াদ, এসময় আরো উপস্থিত ছিলেন ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাহেদুর রহমান সাহেদ।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ মামুনুর রশীদ বলেন, প্রথম দিন ইছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ জন শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকাদান করা হয়েছে। ৫টি ইউনিয়নের ১৫টি সেন্টারে এই টিকাদান কার্যক্রম চলমান থাকবে।
উল্লেখ যে, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি সারাদেশে ষাটোর্ধ্বদের টিকা দেওয়া শুরু হয়। পর্যায়ক্রমে টিকা পাওয়ার নির্ধারিত বয়সসীমা কমিয়ে আনা হয় ১৮ বছরে।
এরপর ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার আওতায় আনা শুরু হয় গত বছর। পরে বয়স্কদের বুস্টার বা তৃতীয় ডোজ দেওয়া শুরু হয়।