শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : স্বাস্থ্য

আইডিডিআরবি হাসপাতালে অনুদান দিবে সামিট গ্রুপ


DhakaReport24.com || 2022-03-28 08:31:00
আইডিডিআরবি হাসপাতালে অনুদান দিবে সামিট গ্রুপ

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) হাসপাতালের এনডাউমেন্ট ফান্ডে এক মিলিয়ন মার্কিন ডলার অনুদানের অঙ্গীকার করেছে দেশের বৃহত্তম ব্যবসায়িক শিল্পগোষ্ঠী সামিট গ্রুপ। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় সাত কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকা।

সামিট গ্রুপের চেয়ারম্যান মুহম্মদ আজিজ খান, গ্রুপের পরিচালক তার স্ত্রী আঞ্জুমান আজিজ খান ও কন্যা আজিজা আজিজ খান হাসপাতাল পরিদর্শনে গিয়ে এ অনুদানের কথা জানান। এ সময় তারা হাসপাতালে বিপুল সংখ্যক ডায়রিয়া রোগীর জীবন রক্ষাকারী চিকিৎসা সম্পর্কে অবহিত হন।

আইসিডিডিআর,বি জানিয়েছে, কোনো স্থানীয় ব্যক্তির পক্ষ থেকে প্রতিষ্ঠানটিতে এটি এ পর্যন্ত সর্ববৃহৎ ব্যক্তিগত অনুদানের অঙ্গীকার। হাসপাতাল পরিদর্শনকালে আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ তাদের অবহিত করেন যে, হাসপাতালটি বর্তমানে রেকর্ড-সংখ্যক রোগীকে সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা দিচ্ছে।

তিনি আরও জানান, চলমান বৈশ্বিক আর্থিক অস্থিরতা আইসিডিডিআর,বির দুটি হাসপাতাল পরিচালনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে, আর সেকারণে একটি টেকসই ব্যবস্থা অপরিহার্য। 

এর পরিপ্রেক্ষিতে মুহাম্মদ আজিজ খান সামিট করপোরেশন থেকে পাঁচ লাখ মার্কিন ডলার এবং আরও পাঁচ লাখ মার্কিন ডলার সমপরিমাণ তহবিল তার স্ত্রীর সঙ্গে যৌথভাবে ‘আঞ্জুমান এবং আজিজ চ্যারিটেবল ট্রাস্ট’ থেকে মোট এক মিলিয়ন মার্কিন ডলার আইসিডিডিআর,বি হাসপাতালের এনডাউমেন্ট ফান্ডে অনুদানের প্রতিশ্রুতি দেন।

মুহাম্মদ আজিজ খান বলেন, আমি ও আমার পরিবারের জন্য আইসিডিডিআর,বির এ মানবিক কাজে সহায়তা করার সুযোগ অতি সম্মানের। আমরা বিনীত সেইসব গবেষণার সহযোগী হতে পেরে, যার মাধ্যমে লক্ষ-কোটি শিশুদের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। আইসিডিডিআর,বির ড. তাহমিদ আহমেদ, ড. ফেরদৌসী কাদরী এবং অনন্যারা, বাংলাদেশকে গৌরবান্বিত করেছে। আমরা বাংলাদেশের স্বাধীনতা উদযাপনে এ বিশ্বসেরা গবেষণা প্রতিষ্ঠানকে সমর্থন করছি।

আইসিডিডিআর,বি একটি আন্তর্জাতিক জনস্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান যা ঢাকা ও চাঁদপুরের মতলবে অবস্থিত দুটি হাসপাতালের মাধ্যমে বছরে দুই লাখের বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে। আইসিডিডিআর,বি এ অত্যাবশ্যক পরিষেবা প্রদানের জন্য সম্পূর্ণভাবে অনুদানের ওপর নির্ভর করে। 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ