আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারিকে সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশে ও গুরুত্বপূর্ণ এলাকার মেস ও আবাসিক হোটেলে তল্লাশি চালানো হবে। জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
আজ (১৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এতথ্য জানান।
তিনি জানান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে যেসব মেস ও আবাসিক হোটেল রয়েছে সেখানে শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত থেকে তল্লাশি শুরু করা হবে। যাতে কোনো দুষ্কৃতী সেখানে অবস্থান করতে না পারে।
ডিএমপি কমিশনার জানান, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় কেউ কোনো ধরনের ব্যাগ বহন করতে পারবে না।নিজের মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।
তিনি আরও জানান, শহীদ মিনারে নিরাপত্তা দিতে ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকের বিপুল সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।