সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ জানিয়েছেন, করোনা সংক্রমণ কমলে অমর একুশে বইমেলার সময় আরও বাড়তে পারে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলা একাডেমির মিলনায়তনে বইমেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, কোভিডের কারণে এবার বইমেলার সময়সীমা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। এখন যেভাবে কোভিডের সংক্রমণ কমছে সেভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আমরা মেলার সময়সীমা বাড়াতে পারব।
তিনি আরও বলেন, বই মেলা হচ্ছে প্রকাশকদের মেলা। আমরা কোনোভাবেই চাইবো না, মেলার প্রাণশক্তি ক্ষতিগ্রস্ত হোক। গত বছর আমরা তাদের থেকে অর্ধেক ভাড়া নিয়েছি। আর এবার মেলার সময়সীমা যদি বাড়ানো হয় তাহলে আমরা মনে করি সেটি তাদের জন্য প্রণোদনা হবে।