রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

সুদানে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর


DhakaReport24.com || 2025-12-14
সুদানে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

সুদানের আবেই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ জন শান্তিরক্ষী হতাহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করেছে। এ ঘটনায় ছয়জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং আটজন আহত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে পাঠানো আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত আবেই এলাকার কাদুগলি লজিস্টিক বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। হামলার সময় দায়িত্ব পালনরত বাংলাদেশি শান্তিরক্ষীরা হতাহত হন।

নিহত ছয় শান্তিরক্ষী হলেন, নাটোরের করপোরাল মো. মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মো. মমিনুল ইসলাম ও সৈনিক শান্ত মন্ডল, রাজবাড়ীর সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।

আহতদের মধ্যে রয়েছেন, কুষ্টিয়ার লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামান, দিনাজপুরের সার্জেন্ট মো. মোস্তাকিম হোসেন, ঢাকার করপোরাল আফরোজা পারভিন ইতি, বরগুনার ল্যান্স করপোরাল মহিবুল ইসলাম, কুড়িগ্রামের সৈনিক মো. মেজবাউল কবির, রংপুরের সৈনিক মোসা. উম্মে হানি আক্তার, মানিকগঞ্জের সৈনিক চুমকি আক্তার এবং নোয়াখালীর সৈনিক মো. মানাজির আহসান।

আইএসপিআর জানায়, গুরুতর আহত সৈনিক মো. মেজবাউল কবিরের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন। অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে স্থানান্তর করা হয়েছে এবং তারা সবাই শঙ্কামুক্ত।

এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে আইএসপিআর বলেছে, শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

এ ঘটনায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও গভীর উদ্বেগ প্রকাশ করে হামলাটিকে ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম