রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

‘শাপলা না পেলে এনসিপি নিবন্ধন নেবে কি না, সেটা তাদের সিদ্ধান্ত’


DhakaReport24.com || 2025-10-14
‘শাপলা না পেলে এনসিপি নিবন্ধন নেবে কি না, সেটা তাদের সিদ্ধান্ত’

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ ফুলকে দলীয় প্রতীক হিসেবে চাইলেও তা বরাদ্দ দেওয়ার সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আখতার হোসেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসি সচিব।

তিনি বলেন, এনসিপি শাপলা প্রতীক না পেলে নিবন্ধন নেবে কি না, সেটা পুরোপুরি দলটির নিজস্ব বিষয়।

তিনি বলেন, নির্বাচন পরিচালনা বিধিমালায় জাতীয় প্রতীক বা জাতীয় ফুল দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়ার কোনো বিধান নেই। কমিশন এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ফলে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়।

তিনি আরও বলেন, এনসিপির শাপলা নিয়ে নির্বাচন কমিশন আগের অবস্থানেই আছে। ১৯ অক্টোবরের মধ্যে তাদের বিকল্প প্রতীক চাইতে হবে। নাহলে কমিশন সিদ্ধান্ত নেবে। নির্বাচন কমিশনের তালিকায় নতুন প্রতীক যুক্ত করার প্রয়োজনবোধ করছে না। 

এছাড়া দলটি যদি শুধুমাত্র শাপলা প্রতীক না পাওয়ায় নিবন্ধন না নিতে চায়, সেটাও তাদের স্বাধীন সিদ্ধান্ত বলেও জানান তিনি।

ইসি সচিব বলেন, কমিশনের কাজ আইন অনুযায়ী নির্বাচন ব্যবস্থাপনা নিশ্চিত করা। কোনো দল নিবন্ধন নেবে কি না, সেটি তাদের সাংগঠনিক বা রাজনৈতিক সিদ্ধান্ত।

প্রসঙ্গত, সম্প্রতি এনসিপি নির্বাচন কমিশনে ‘শাপলা’ ফুলকে দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়ার জন্য আবেদন করেছিল। দলটির দাবি ছিল, শাপলা তাদের রাজনৈতিক আদর্শের প্রতীক এবং জনগণের আবেগের সঙ্গে এটি জড়িত। কিন্তু নির্বাচন কমিশন জানায়, শাপলা জাতীয় ফুল হওয়ায় একে দলীয় প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া সম্ভব নয়।

এছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সচিব বলেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কমিশনের সব প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে। প্রয়োজনীয় সফটওয়্যার হালনাগাদ, ইভিএম প্রস্তুতি এবং প্রশাসনিক সমন্বয় কার্যক্রম অনেকটাই সম্পন্ন।

তিনি আরও জানান, নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সব বিভাগীয় পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় সভা চলছে। সময়মতো তফসিল ঘোষণা ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম