পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া। বৃহস্পতিবার (৫ জুন) সকালে জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “কোরবানির দিন বিকেল থেকে আমাদের কার্যক্রম শুরু হবে এবং ১২ ঘণ্টার মধ্যে পুরো এলাকা পরিষ্কার করা হবে।”
তিনি জানান, এই কার্যক্রমে ১০ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী প্রস্তুত রয়েছে। প্রয়োজন হলে সরকারি অন্যান্য সংস্থার সহায়তা নেওয়া হবে। ডিএসসিসির নিজস্ব যানবাহনের পাশাপাশি অতিরিক্ত গাড়ির ব্যবস্থাও রাখা হয়েছে।
শাহজাহান মিয়া বলেন, “মানুষ যাতে নির্বিঘ্নে কোরবানি দিতে পারে এবং উৎসব নির্বিঘ্নে পালন করতে পারে, এজন্য হটলাইন ও কন্ট্রোলরুম চালু থাকবে। কোনো অভিযোগ পেলে দ্রুত পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহে প্রাইভেট প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মীদেরও সম্পৃক্ত করা হবে।
নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকদের অবরোধ সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, “এটা রাজনৈতিক ও সেনসিটিভ ইস্যু। এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না।” তবে তিনি জানান, নগর ভবনের তিনটি গুরুত্বপূর্ণ বিভাগ- বর্জ্য ব্যবস্থাপনা, ভান্ডার ও পরিবহন বিভাগ সচল রয়েছে। ওয়ার্ড অফিসগুলোও খোলা আছে এবং সেখান থেকেই নাগরিকৃরা সেবা পাচ্ছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম