আগামীকাল রোববার (১৪ এপ্রিল) রাজধানীর রমনায় পহেলা বৈশাখের অনুষ্ঠানে জঙ্গি হামলা বা নাশকতার আশঙ্কা এবার করছেন না বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) খোরশেদ হোসেন।
তিনি বলেন, গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং তথ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করে এবার পহেলা বৈশাখকে কেন্দ্র করে যেকোনো ধরনের জঙ্গি হামলার ব্যাপারে এবার সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবুও আমরা আত্মতৃপ্তিতে ভুগতেছি না।
শনিবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
র্যাব মহাপরিচালক বলেন, র্যাব সদর দফতর থেকে ঢাকাসহ সারাদেশে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। গোয়েন্দা ও সাইবার টিমের মনিটরিংয়ের মাধ্যমে জঙ্গিদের যেকোনো ধরনের নাশকতার তৎপরতা নস্যাৎ করে দিতে র্যাব প্রস্তুত আছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম