৭ মার্চের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ প্রজন্মের শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ৫০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শিক্ষার্থীদের উদ্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের 'সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না' কথাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আমরা দেখেছি বাঙালিকে বারবার দাবিয়ে রাখার অপচেষ্টা করে ষড়যন্ত্রকারীরা। কিন্তু বাঙালি সব ষড়যন্ত্র থেকে ঠিকই বেরিয়ে আসে, মাথা উঁচু করে দাঁড়ায়।তিনি আরও বলেন, স্বাধীনতার চেতনা শুধুমাত্র অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এই পাঁচ মৌলিক চাহিদা পূরণ নয়। বরং স্বাধীনতার চেতনা মাথা উঁচু করে দাঁড়ানো এবং কেউ দাবিয়ে রাখার চেষ্টা করলে মাথা নত না করা স্বাধীনতার চেতনা। আজ থেকে বিশ বছর আগে বাংলাদেশ এরকম ছিল না। এখন তোমারদের বড় স্বপ্ন দেখার সাহস বেড়ে গেছে। তোমরা এখন অনেক বড় বড় চিন্তা করো এবং সামনের দিনে তোমরা আরও এগিয়ে নেবে বাংলাদেশকে।
মোহাম্মদ আলী আরাফাত বলেন, এ দেশে আজ থেকে বিশ বছর আগে মেট্রোরেল ছিল না, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট ছিল না। দশ বছর আগেও পুরো দেশ বিদ্যুতের সঙ্গে সংযুক্ত ছিল না, আজ থেকে দশ-পনেরো বছর আগেও এ দেশে নদীর তলদেশে টানেল ছিল না। আজ বাংলাদেশ স্যাটেলাইট নিয়ে মহাকাশে পৌঁছে গেছে, সমুদ্রের তলদেশে পৌঁছে গেছে সাবমেরিন নিয়ে, নিজের টাকায় আমরা পদ্মা সেতুর মতো বিশাল একটি সেতু আমরা বানিয়েছি।
বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ও আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রিফাত রহমান শামীমসহ প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম