ভূমি অফিসে সংরক্ষিত মূল্যবান দলিলাদির নিরাপত্তা নিশ্চিত করার জন্য সারাদেশের ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)-এর কাউন্সিল হলে ‘স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বিনির্মাণের লক্ষ্যে, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক ভূমিমন্ত্রীর সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধুর স্মার্ট সোনার বাংলা গড়ার মহাপরিকল্পনার অংশ হিসেবে দুর্নীতিমুক্ত স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করে ভূমিমন্ত্রী বলেন, ভূমির সঙ্গে দেশের প্রতিটি নাগরিক জড়িত, জড়িত দেশের সার্বিক অর্থনীতি।
ভূমি সেক্টরে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ভূমি অফিসে যেন কোনো অনাহূত তৃতীয় পক্ষ কিংবা দালালের কার্যক্রম না থাকে তা নিশ্চিত করতে হবে।
সারা দেশ থেকে আগত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ইউএলএও) এবং ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের (ইউএলএসএও) অতীত থেকে মুক্ত হয়ে স্বচ্ছ ও দক্ষ ভূমিসেবা দেওয়ার আহ্বান জানান ভূমিমন্ত্রী।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম