বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আগামীতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সক্ষম হবে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। এ সময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপিএবং তাদের সহধর্মিনীগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশের রীতি অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিগণকে আইজিপি এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের সহধর্মিনীগণ র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
জাতির যে কোনো সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে পুলিশপ্রধান বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে পুলিশ।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সক্ষম হয়েছে। আগামীতেও আইন-শৃঙ্খলা সংক্রান্ত যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ সক্ষম।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে অভিনন্দন জানিয়ে আইজিপি বলেন, এ পদোন্নতি আপনাদের কর্মদক্ষতার স্বীকৃতি। পদোন্নিপ্রাপ্ত কর্মকর্তাগণ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম