আইনের বাইরে কেউ ধান চালের ব্যবসা করতে পারবে না জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আইন মেনে ব্যবসা না করলে সরকার কঠোর হবে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চালের বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে করণীয় নির্ধারণে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এমন হুঁশিয়ারি দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, ধানের দাম বাড়ার অজুহাতে হঠাৎ চালের দাম বাড়ানোর যুক্তি সঠিক নয়। বাজারে যে চাল আছে সেটি নতুন কেনা ধানের চাল নয়।
কম দামে কেনা ধানের চাল কেন বেশি দামে বিক্রি করছেন মিল মালিকদের কাছে তা জানতে চান মন্ত্রী।
সাধন চন্দ্র মজুমদার বলেন, মিলগেটের চালের দাম বস্তায় লেখা নিশ্চিত করতে কাজ চলছে। এতে খুচরা ও পাইকারি বাজার মনিটরিং আরো শক্তিশালী হবে।
খাদ্যমন্ত্রী বলেন, মিলাররা কর্পোরেট কোম্পানিগুলোর দোষ দেয়। কিন্তু অবৈধভাবে ধান চাল কিনতে মিলাররাই তাদের সহযোগিতা করে। তাদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে প্যাকেট করে চাল সরবরাহ করেন মিলাররাই।
ঢাকার খুচরা বাজারে অভিযানে গেলে অভিযোগ করে মিলাররা চাল ছাড়ছে না, আর মিলাররা বলছেন তাদের চাল বিক্রি হচ্ছে না। এটা ভালো লক্ষণ নয় উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, বেশি দামে বিক্রি করবেন এটা মেনে নেওয়া হবে না।
বাজারে স্বাভাবিক চালের সরবরাহ নিশ্চিত করতে মিলারদের প্রতি আহ্বান জানান তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, অবৈধ মজুতবিরোধী অভিযান শুরু করেছি আমার নির্বাচনী এলাকা হতে। সারাদেশে অভিযান এখন চলছে। আমরা অভিযান চলমান রাখব।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম