রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

৭৪ হাজার কোটা ফাঁকা রেখে শেষ হলো হজ নিবন্ধন


DhakaReport24.com || 2024-01-18 21:18:00
৭৪ হাজার কোটা ফাঁকা রেখে শেষ হলো হজ নিবন্ধন

চলতি বছর হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য নিবন্ধনের সময় তিন দফা বাড়িয়েও তেমন সাড়া মেলেনি। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত আটটায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমের হজের নিবন্ধনের সময় শেষ হয়। এতে এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজ করার অনুমতি থাকলেও প্রাক নিবন্ধন করেছেন ৫৩ হাজার ১১৫ জন। সৌদির সঙ্গে হজ চুক্তি অনুযায়ী এখনো আসন ফাঁকা রয়েছে ৭৪ হাজার ৮৩ জনের। অর্থাৎ কোটার ৫৮ শতাংশ খালি রেখেই হজ নিবন্ধন শেষ করেছে সরকার।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার বলেন, হজের নিবন্ধন আজকেই শেষ। সিদ্ধান্ত হয়েছে নিবন্ধনের আর সময় বাড়ানো হবে না। আমরা কোটা সারেন্ডার করে দেব। আমরা আগামী সপ্তাহে সৌদি আরবকে হজযাত্রীর সংখ্যা জানিয়ে দেব।

তিনি বলেন, নিবন্ধনের সময় বাড়ালে মিনায় আর জায়গাই পাব না। পরে সবাই গালাগালি করবে, সরকার আমাদের দূরে রেখেছে, কষ্ট দিয়েছে। ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া মিনায় জায়গা বুক করে ফেলেছে। আমরাই একমাত্র দেশ যারা এখনো হজযাত্রীদের সংখ্যা জানাতে পারিনি।

গত বছরের ১৫ নভেম্বর থেকে হজযাত্রী নিবন্ধন শুরু হয়। প্রথমে নিবন্ধনের সময় ছিল ১০ ডিসেম্বর পর্যন্ত। পরে নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। হজযাত্রীদের সাড়া না পাওয়ায় সর্বশেষ নিবন্ধনের সময় বাড়িয়ে ১৮ জানুয়ারি করা হয়।

সর্বশেষ বৃহস্পতিবার রাত ৮টার হজ পোর্টালের তথ্য অনুযায়ী, মোট ৫৩ হাজার ১১৫ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৮০২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৩১৩ জন। সেই অনুযায়ী কোটার ৪২ শতাংশ হজযাত্রী নিবন্ধন করেছেন। এখনো ৭৪ হাজার ৮৩ জন নিবন্ধন করেননি। অর্থাৎ কোটার ৫৮ শতাংশ খালি রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম