দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় ওই অভিনন্দন জানান তিনি।
পরে এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি লিখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি এবং সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে ঐতিহাসিক জয়ের জন্য তাকে আমি অভিনন্দন জানিয়েছি।
তিনি আরও লিখেছেন, সফলভাবে নির্বাচনের জন্য আমি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই। বাংলাদেশের সঙ্গে আমাদের জনগণকেন্দ্রিক ও স্থায়ী অংশীদারি জোরদারে আমরা অঙ্গীকারবদ্ধ।
এর আগে, সকালে নির্বাচনে জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে সবার আগে গণভবনে পৌঁছান ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। পরে চীন, রাশিয়াসহ অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা একে একে সেখানে পৌঁছান।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করায় তারা স্ব স্ব দেশের পক্ষ থেকে অভিনন্দন জানান। এ সময় রাষ্ট্রদূতগণ বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সহযোগিতা কামনা করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম