আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনকে ভোটের জন্য অতিরিক্ত সমস্যা বলে মনে করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে অডিটোরিয়ামে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন ডিএমপি কমিশনার। ডিএমপি কমিশনার বলেন, ভোট বর্জনের আহ্বান জানিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। অন্যান্য ভোটে একমুখী সমস্যা থাকে। প্রার্থী ও তাদের সমর্থকেরা আচরণবিধি লঙ্ঘন করেন। তাদের আচরণবিধি মানতে বাধ্য করা হয়। এবারের নির্বাচনে নাশকতা, সন্ত্রাস ও আতঙ্ক সৃষ্টির পাশাপাশি অতিরিক্ত সমস্যা হলো বিএনপির অসহযোগ আন্দোলন। একটি বা দুটি দলের আন্দোলনকে কেন্দ্র করে শঙ্কা সৃষ্টি হতে পারে। সেইগুলো মোকাবিলা করে ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করা হবে।
তিনি বলেন, এটা সমন্বয় সভা বলা যেতে পারে। ভোট শান্তিপূর্ণ যাতে হয় তৃতীয় পক্ষ যাতে কোনো ধরনের সহিংসতা না করতে পারে সেই বিষয়ে আলোচনা হয়েছে।
ভোট প্রতিহত-রেলে নাশকতা প্রসঙ্গে তিনি বলেন, নাশকতা একটি নয় একাধিক ঘটনা হচ্ছে। ২৮ অক্টোবর থেকে দেশে জ্বালাও-পোড়াও হচ্ছে। অনেকে আইনের আওতায় এসেছে বাকিরাও চলে আসবে। এগুলো যাতে না ঘটে পুলিশ সজাগ রয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ইসি থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে ডিএমপি কমিশনার, ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম