ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী-সঙ্গীতশিল্পী জিনাত শানু স্বাগতা ও চিত্রগ্রাহক রাশেদ জামান। সাত বছরের প্রেম ও ৬ বছরের সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা।
বছর খানেক একা থাকার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী। পাত্রের নাম হাসান আজাদ। বিষয়টি একটি গণমাধ্যমকে জানান স্বাগতা। জানা গেছে, পাত্র লন্ডন প্রবাসী। তার জন্ম, বেড়ে ওঠা ও পড়ালেখা যুক্তরাজ্যে। গান লেখা, সুর করার পাশাপাশি মিউজিক কম্পোজ করেন তিনি।
স্বাগতা জানিয়েছেন, গত বছরের আগস্ট-সেপ্টেম্বরের দিকে এক বান্ধবী রাজধানীর একটি ক্লাবে নিয়ে যায় তাকে। প্রথমবার সেখানেই হাসান আজাদের সঙ্গে পরিচয় হয়। পরে নভেম্বর মাসে ফের দেখা হয়। তখন অভিনেত্রী বুঝতে পারেন, হাসান আজাদ তার সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী। পরবর্তীতে সব ঠিক আছে বলে মনে হয় স্বাগতার কাছে।
তিনি বলেন, আমি সেভাবে বুঝিনি। ও আমাকে বিভিন্নসময় নানাভাবে বোঝাতে চেষ্টা করেছে, আমাকে তার পছন্দ। পরে আমি নিজেও বিয়ে নিয়ে ভাবছিলাম, পাত্র খুঁজছিলাম। তখন জানতে পারি হাসানও পাত্রী খুঁজছে। অনেক বছর পর যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এসেছে। তার সঙ্গে কথা বলতে বলতে অনেককিছুই জানতে পারি। বুঝলাম, সে সংসার করতে চায়। এদিকে আমিও সংসার করতে আগ্রহী।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম