রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু


DhakaReport24.com || 2023-12-11 11:00:30
ইসিতে দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু

প্রার্থিতা বাতিল ও বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনের আবেদনের শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে অংশ নিতে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল এ শুনানি চলবে দিনব্যাপী।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। আপিল শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত আছেন অন্য চার কমিশনারসহ ইসি সচিব।

এসময় দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা আপিল শুনানিতে অংশ নিতে সকাল থেকেই নির্বাচন ভবনের সামনে এসে ভিড় করছেন। এ নিয়ে দুটি প্রবেশ গেটেই বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জনসাধারণের প্রবেশ করা হয়েছে সীমিত। ভেতরে প্রবেশ করতে হলেও মুখোমুখি হতে হচ্ছে তল্লাশীর। সবাইকে একসঙ্গে শুনানি কক্ষে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

এদিকে শুনানির জন্য প্রার্থীদের নির্বাচন ভবনের পাশের অস্থায়ী সামিয়ানার নিচে অপেক্ষা করতে হচ্ছে। কিছুসময় পরপর মাইকে আপিল নম্বর উল্লেখ করে ডাকা হচ্ছে শুনানির জন্য। আর শুনানি কক্ষে প্রবেশ করতে পারছেন প্রার্থী, আইনজীবী ও সাক্ষী।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিলের শুনানি প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। সোমবার (১১ ডিসেম্বর) ৯৫-২০০ নম্বর আপিল, ১২ ডিসেম্বর ২০১-৩০০ নম্বর আপিল, ১৩ ডিসেম্বর ৩০১-৪০০ নম্বর আপিল, ১৪ ডিসেম্বর ৪০১-৫০০ নম্বর আপিল এবং ১৫ ডিসেম্বর ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে গতকাল প্রার্থিতা বাতিল ও বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল শুনানির প্রথম দিনে ৯৪টি আবেদনের শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ৫৬ জনের প্রার্থিতা ফেরত, ৩২ জনের নামঞ্জুর এবং ৬টি আবেদন সিদ্ধান্তের অপেক্ষায় রাখা হয়েছে।

প্রসঙ্গত, ইসির ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম