দেশে নির্বাচনকে সামনে রেখে যারা হরতাল-অবরোধ ডাকছেন তারা মাঠে থাকছেন না। ভাড়া করা লোক দিয়ে গাড়িতে আগুন লাগাচ্ছে, ককটেল মারার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
৪ ডিসেম্বর সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
ডিবিপ্রধান বলেন, যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করেছি। তারা স্বীকার করেছেন যে, তাদের বড় ভাই টাকা দিচ্ছে। সেই ভাইদেরও আমরা গ্রেপ্তার করেছি। পরে তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
তিনি বলেন, যারাই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের নাম-নম্বর আমরা পেয়েছি। কাউকেই ছাড় দেওয়া হবে না। আমাদের গোয়েন্দা পুলিশের প্রতিটি টিম কাজ করছে।
ইলেকশন কমিশনের নির্দেশনা মতে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারে চিঠির বিষয়ে তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক কাজ করছি। ওয়ারেন্টভুক্ত যেসব আসামি রয়েছে, তাদের গ্রেপ্তার করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম