বিএনপি শর্তসাপেক্ষে অনুমতি নিয়ে মহাসমাবেশের নামে গতকাল ভাঙচুর, অগ্নি সংযোগ, পুলিশের কর্তব্য কাজে বাধা এবং পুলিশ সদস্য হত্যা করেছে।
এ সব ঘটনায় জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার।
রোববার (২৯ অক্টোবর) দুপুর দেড়টায় বিপ্লব কুমার সরকার এ কথা বলেন।
তিনি বলেন, পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ হত্যা আমার পরিবার হত্যার শামিল। আমার পুলিশ পরিবারের উপরে যারা হামলা করেছে, আমার ভাই আমিরুল পারভেজকে যারা হত্যা করেছে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। গতকালকের নৈরাজ্য অরাজকতায় জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। অনেকগুলো মামলার প্রস্তুতি চলছে।
গতকাল রাজধানীর দৈনিক বাংলার মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে কনস্টেবল আমিরুল পারভেজ নিহত হয়।
শনিবার বিকেলে সংঘর্ষে আহত হওয়ার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত কনস্টেবলের আমিরুল মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সেকেন্দার আলী মোল্লার ছেলে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম