চলতি সংসদের ২৪তম অধিবেশন আজ রোববার থেকে শুরু হয়েছে। এ অধিবেশন ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন।
গত ১৬ আগস্ট রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের ৪র্থ অধিবেশন আহ্বান করেছেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
জানা গেছে, জাতীয় সংসদের নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শোকপ্রস্তাব আনা হবে। শোকপ্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শেষে শোকপ্রস্তাবটি গৃহীত হবে। চলতি সংসদের সংসদ সদস্য হওয়ায় রেওয়াজ অনুযায়ী সংসদের অধিবেশন দিনের কার্যসূচি স্থগিত রেখে মুলতবি করা হতে পারে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম