গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান ভোট দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে টঙ্গীর ৫৭ নম্বর ওয়ার্ডের দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে তিনি ভোট দেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সামনে কখা বলেছেন আজমত উল্লা খান। তিনি বলেন, অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। ভোটারদের উপস্থিতি দেখার মতো রয়েছে। সকাল থেকেই গাজীপুরবাসী ভোট দিতে কেন্দ্রে আসছেন।
তিনি আরও বলেন, এই নির্বাচনের মধ্য দিয়ে গাজীপুরবাসীর গত ১০ বছরের হতাশা দূর হবে। এ জন্য তারা একবুক আসা নিয়ে সকাল থেকে কেন্দ্রে আসছে এবং সবাই নিজের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এই নির্বাচনে স্বতন্ত্রসহ মেয়র পদে প্রার্থী রয়েছেন আটজন। তবে আটজন লড়লেও আলোচনায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আজমত উল্লা খান এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি প্রতীকের জায়েদা খাতুন।
মেয়র পদে বাকি প্রার্থীরা হলেন এম এম নিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি-লাঙ্গল), আতিকুল ইসলাম (গণফ্রন্ট-মাছ), গাজী আতাউর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা), মো. রাজু আহম্মেদ (জাকের পার্টি-গোলাপ ফুল), মো. হারুন-অর-রশীদ (স্বতন্ত্র-ঘোড়া) এবং সরকার শাহনুর ইসলাম (স্বতন্ত্র-হাতি)।
এদিকে, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ইভিএমসহ অন্য নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পাঠানো হয় বুধবার দুপুরের পর থেকেই। মহানগরের পৃথক পাঁচটি আঞ্চলিক কেন্দ্র থেকে এসব নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়।
গাজীপুর সিটির তৃতীয় নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে রয়েছে ৪৮০টি ভোটকেন্দ্র। সব কেন্দ্রে ইভিএমের মাধ্যমে হবে ভোট গ্রহণ। এসব কেন্দ্রে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এসব ভোটকেন্দ্রের মধ্যে ৩৫১টি ঝুঁকিপূর্ণ ও ১২৯টি সাধারণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম বুধবার জানিয়েছেন, গাজীপুর সিটিতে ৪৮০টি কেন্দ্রে মোট ৪ হাজার ৪৩৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এর ফলে সব কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। এসব ক্যামেরার মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন। তিনি জানান, প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত ভোটিং মেশিন রাখা হচ্ছে। মেশিন মেরামতের জন্য ট্রাবলশুটার রাখা হয়েছে। নির্বাচনে পাঁচ স্তরে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করে গাজীপুরকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
নির্বাচন উপলক্ষে এরই মধ্যে বিজিবি, র্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্য গাজীপুরে রয়েছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম