যুক্তরাষ্ট্রের পক্ষে ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
রোববার (২৬ মার্চ) বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান।
বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সবার জন্য উন্মুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে বাংলাদেশের সঙ্গে কাজ করার বিষয়ে দেশটির প্রতিশ্রুতির কথা ব্যক্ত করেন।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে তিনি বলেন, আপনারা যখন স্বাধীনতার ৫৩ বছর উদযাপন করছেন, তখন বাংলাদেশের গর্ব করার অনেক কারণ রয়েছে। দ্রুত বর্ধনশীল অর্থনীতি, ক্রমবর্ধমান সুশিক্ষিত কর্মশক্তি এবং একটি গতিশীল যুব জনসংখ্যার সঙ্গে বাংলাদেশ দ্রুত একটি আঞ্চলিক নেতা হয়ে উঠছে।
অ্যান্টনি ব্লিনকেন বলেন, মিয়ানমারের গণহত্যা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের উদারভাবে স্বাগত জানিয়ে আপনারা শরণার্থীদের প্রতি মানবিক প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন।
তিনি আরও বলেন, জলবায়ু সংকটে অভিযোজন কৌশল তৈরি করা, পরিবেশ রক্ষা ও জলবায়ু স্থিতিস্থাপকতা জোরদার করার ক্ষেত্রে নেতৃত্ব দেখিয়েছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের জন্য এবং গত পাঁচ দশকে দুই দেশের যে অর্জন, তার জন্য যুক্তরাষ্ট্র গর্বিত। আমরা করোনা মহামারির বিরুদ্ধে লড়াই, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রচারে একসঙ্গে বাস্তব পদক্ষেপ নিয়েছি।
তিনি আরও বলেন, সবার জন্য উন্মুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে আমরা আপনাদের সঙ্গে কাজ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। গণতান্ত্রিক রীতিনীতি, সুশাসন, মানবাধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা—যা সবই উন্নয়নশীল, স্থিতিশীল ও সমৃদ্ধ সমাজের বৈশিষ্ট্য। আমি বিশ্বাস করি, বাংলাদেশ তার বিশাল সম্ভাবনা অর্জন করবে।
অ্যান্টনি ব্লিনকেন সামনের বছরগুলোতে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করার জন্য যুক্তরাষ্ট্র উন্মুখ বলেও জানান।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম