রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

বাংলাদেশকে গণতন্ত্র-মানবাধিকার শেখানোর কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী


DhakaReport24.com || 2023-01-13 20:45:30
বাংলাদেশকে গণতন্ত্র-মানবাধিকার শেখানোর কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে গণতন্ত্র ও মানবাধিকার ‘শেখানোর কিছু নেই’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী (এশিয়া অঞ্চল) ডোনাল্ড লুর বাংলাদেশ সফরে গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে কী ধরনের আলোচনা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. মোমেন এ মন্তব্য করেন।  শুক্রবার বাংলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, ‘এসব ব্যাপারে (গণতন্ত্র-মানবাধিকার) বাংলাদেশকে শেখানোর কিছু নেই। কারণ এটা আমাদের মজ্জাগত। গণতন্ত্র ও মানবাধিকার আমাদের অন্তরে, সর্বক্ষেত্রে। গণতন্ত্র ও জাস্টিসের জন্য কারো সুপারিশ করার দরকার নেই। তবে কেউ যদি কোনো পরামর্শ দেয়, সেটা আমরা শুনব। যাচাই-বাছাই করব, সেটা আমাদের দেশের জন্য মঙ্গলজনক কিনা; যদি ভালো হয়, তবে সেটা গ্রহণ করব।’

বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভালো বন্ধুত্ব রয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমেরিকা তো আমাদের বন্ধু দেশ। দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আমাদের এখানে আসছেন। তার সঙ্গে আমরা গণতন্ত্র ও মানবাধিকারের পাশাপাশি অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা করব। তারা যদি কোনো কনস্ট্রাকটিভ সাজেশন দেয়, আমরা সেটি গ্রহণ করব। আমরা একটা ব্যালেন্সড ফরেন পলিসিতে বিশ্বাস করি।’

এদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইন্দো-প্যাসিফিক জোটে যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের খুব একটা আপত্তি নেই বলেও জানিয়েছেন আবদুল মোমেন। তিনি বলেন, ‘এ জোটে যোগ দিতে বাংলাদেশের খুব আপত্তি নেই। আমরা এটা নিয়ে এখনো স্টাডি করছি। ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফোরামে যোগদান করলে যদি আমাদের লাভ হয়, তাহলে আমরা যোগদান করব।’

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম