শক্তিশালী পাসপোর্টের তালিকায় পিছিয়েছে বাংলাদেশ
DhakaReport24.com || 2021-01-09 21:18:45
বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও দুর্বল পাসপোর্টের একটি তালিকা প্রকাশ করেছে ‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’। এ তালিকায় বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় তিন ধাপ পিছিয়ে হয়েছে ১০১তম। বাংলাদেশের পাসপোর্ট হাতে থাকলে বিনা ভিসায়/অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যাবে ৪১টি দেশ। তবে তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে জাপান। দেশটির পাসপোর্টধারীরা ১৯১টি দেশে বিনা ভিসায় অথবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন।
বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণের কাগজপত্রের সহজলভ্যতা ও ভিসা প্রক্রিয়ার ঝামেলামুক্ত ভ্রমণ সুবিধা বিবেচনায় নিয়ে এ তালিকা প্রকাশ করে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের গবেষণা বিভাগ হেনলি পাসপোর্ট ইনডেক্স। নতুন এ তালিকা প্রকাশের আগে বিশ্বব্যাপী ভ্রমণের ওপর চলমান অস্থায়ী বিধিনিষেধগুলোকে বিবেচনায় নেয়নি বলে জানিয়েছে সংস্থাটি।
গতবারের মতো এবারো দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীর বিনা ভিসায় ১৯০টি দেশ ভ্রমণ করতে পারবেন। এবারের তালিকায় জার্মানির (১৮৯) সাথে তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া (১৮৯)। চতুর্থ স্থানে রয়েছে ফিনল্যান্ড (১৮৮), স্পেন, লুক্সেমবার্গ ও ইতালি। পঞ্চম স্থানে ডেনমার্ক ও অস্ট্রিয়া (১৮৭)।
তালিকায় সবার নিচে অবস্থান করছে আফগানিস্তান। দেশটির অবস্থান ১১০তম। আফগানিস্তানের পাসপোর্ট দিয়ে ২৬টি দেশে বিনা ভিসায় অথবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যাবে। আর পাকিস্তানের অবস্থান ১০৭তম। দেশটির পাসপোর্ট দিয়ে ৩২টি দেশে বিনা ভিসায় অথবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যাবে। অন্যদিকে, ৮৫তম অবস্থানে আছে ভারত। তাদের পাসপোর্টধারীরা ৫৭টি দেশে অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারবেন।