ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহির অনুষ্ঠান বন্ধের এখতিয়ার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, “তিনি (নোরা) একজন স্বনামধন্য অভিনেত্রী এবং আগামী কাতার বিশ্বকাপে ‘থিম সং’ এ পারফর্ম করবেন। নোরা ফাতেহিকে একটি প্রতিষ্ঠান বাংলাদেশে এনে একটি অনুষ্ঠানের মাধ্যমে ডকুমেন্টারি করতে চায়। সেটির জন্য আমরা অনুমতি দিয়েছি। এই ক্ষেত্রে ট্যাক্স (কর) আদায় বা ভ্যাট আদায় এগুলোর জন্য এনবিআর অবশ্যই তাদের নোটিশ দিতে পারে। কিন্তু এনবিআর অনুষ্ঠান বন্ধ করার এখতিয়ার রাখে না।”
আজ বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উইমেন লিডারশিপ করপোরেশনের ব্যবস্থাপনায় আগামী ১৮ নভেম্বর ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে ‘গ্লোবাল এক্সিভার্স অ্যাওয়ার্ড-২০২২ উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ডকুমেন্টারির শুটিংয়ে অংশগ্রহণের জন্য বলিউডের অভিনেত্রী নোরা ফাতেহি বাংলাদেশে আসার কথা রয়েছে। নোরা ফাতেহিসহ অন্যান্য বিদেশি শিল্পীদের নিয়ে বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠানে মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকির অভিযোগ তুলেছে এনবিআর।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, যদি ট্যাক্স-ভ্যাটের বিষয় থাকে সেটি এনবিআর দেখবে। কিন্তু অনুষ্ঠান বন্ধ করার এখতিয়ার তো কারও নেই। আমরা অনুমতি দিয়েছি। সুতরাং তারা এ অনুমতির বলে অনুষ্ঠান করতে পারবে।
১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সমাবেশের নামে রাজধানীর প্রধান সড়ক বন্ধ করে বিএনপি কেন জনভোগান্তি করতে চায় তা বোধগম্য নয়। সমাবেশ করে জনগণের দুর্ভোগ ঘটানো কোনো রাজনৈতিক দলের উচিত নয়। সে জন্য আমাদের প্রধানমন্ত্রী সবসময় জনগণের যাতে দুর্ভোগ না হয়, সে জন্য বন্ধের দিনে এবং খোলা মাঠে সমাবেশ করার বিষয়ে গুরুত্ব দেন। রাস্তা বন্ধ করে বিশেষ করে প্রধান সড়ক বন্ধ করে সমাবেশ করা নিয়ে সাংবাদিকরা সোচ্চার, সাধারণ মানুষও এটি চায় না।
এর আগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রকাশিত ‘বাংলাদেশের পর্যটন (ট্যুরিজম অব বাংলাদেশ)’ বইয়ের মোড়ক উন্মোচন করেন মন্ত্রী। মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়া এবং পরিচালক মোহাম্মদ আলী মোড়ক উন্মোচনে অংশ নেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম