প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৭তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়) তিনি এ অধিবেশনে যোগদান করেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস প্রধানমন্ত্রীকে জাতিসংঘের সদর দফতরে স্বাগত জানান । এসময় কুশল বিনিময় করেন দুই নেতা।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনাকে বহনকারী বিমান নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত। বিমানবন্দরের বাইরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা শ্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। আগামী ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন।
উল্লেখ্য, নিউইয়র্কে থাকাকালে প্রধানমন্ত্রী ২০ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেবেন। আলোচনা করবেন দলীয় নেতাকর্মীদের সাথেও। প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকে ঘিরে উচ্ছ্বসিত দেশটির প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীরা।
২০ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত সংবর্ধনা, ৭৭তম ইউএনজিএ বিতর্কের উদ্বোধনী অধিবেশন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত সংবর্ধনা এবং ‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অফ উইমেন লিডার্স’ শীর্ষক একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম