সরকার আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সাগরে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে।
রোববার (২৪ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ আদেশ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।
মূলত সমুদ্রে মাছের প্রজনন ব্যবস্থা সুষ্ঠু রাখতে, মাছের উৎপাদন অব্যাহত রাখতে এবং টেকসই মৎস্য আহরণের লক্ষ্যে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতি বছরই নির্ধারিত সময়ে মাছ ধরা নিষিদ্ধ করে সরকার।
মন্ত্রণালয়ের উপসচিব আ.ন.ম নাজিম উদ্দীনের সই করা গেজেটে বলা হয়, ‘সামুদ্রিক মৎস্য আইন ২০২০ এর ধারা ৩ এর উপধারা (২) এর ক্ষমতাবলে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ, এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতিবছরের মতো এবছরও আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সব ধরনের মৎস্য নৌযান কর্তৃক যেকোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই গেজেট জারি করা হলো।’
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম