এসি টিকিটের জন্য আন্তঃনগর ট্রেনের টিকিট কাউন্টারগুলোর দ্বিতীয় সারির ৫৫ জন টিকিট প্রত্যাশীর পেছনে দাঁড়িয়েছিলেন শরীফুল। রংপুরগামী নীলসাগরের এসি সিটের টিকিট কাটার উদ্দেশে। সকাল ৮টায় শুরু হওয়ার পনেরো মিনিট পরেই কাউন্টার থেকে জানিয়ে দেওয়া হয় এসি টিকিট শেষ।
এ ঘোষণা শোনার পর লাইনে দাঁড়িয়ে থাকা সকলের মধ্যে শোরগোল শুরু হয়ে গেল। পনেরো মিনিটেই টিকিট শেষ হলো কেন? প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আসন সীমিত থাকার কারণেই এই পরিস্থিতি হয়েছে।
রোববার (২৪ এপ্রিল) সকালে এমন দৃশ্যের দেখা মেলে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে।
দ্বিতীয় দিনের মতো ইদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি চলছে। এদিনও দ্রুত এসি টিকিট শেষ হয়ে যাওয়ায় শোভন চেয়ারের টিকিট কাটছেন অনেকেই।
কমলাপুর রেলওয়ে স্টেশনে টিকিট কাটতে আসা নোমান বলেন, সেহরি খেয়েই টিকিটের জন্য চলে এসেছি। পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর টিকিট বিক্রি শুরু হয়েছে। টানা দুই বছর পর খুলনার বাগেরহাটে এবার পরিবার পরিজন নিয়ে ইদ করার ইচ্ছা আছে।
বিভাগীয় রেলওয়ে কর্মকর্তা শফিকুর রহমান জানান, প্রতিদিন যে টিকিট বিক্রি হয় তার অর্ধেক অনলাইনে ৫০ আর অফলাইনে ৫০ শতাংশ অর্থাৎ কাউন্টার থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে হবে।
আমরা টিকিট কালোবাজারি বন্ধে জাতীয় পরিচয়পত্র চেক করে টিকিট বিক্রি করছি। প্রথম দিনে কিছুটা সমস্যার সৃষ্টি হলেও দ্বিতীয় দিনে টিকিট প্রত্যাশীরা সহযোগিতা করছেন। সবাই এনআইডি দেখিয়ে টিকিট সংগ্রহ করছেন বলেও জানান তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএএন/আরএএম